যাত্রা শুরু করলো ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি

১৩ জুলাই, ২০২১ ১৬:০৪  
আনুষ্ঠানিকভাবে ঘুরতে শুরু করলো দেশীয় ওটিটি প্লাটফর্ম চরকি। সবার জন্য উন্মুক্ত হলো চরকির ওয়েবসাইট ও অ্যাপ। দেশি প্ল্যাটফর্মে বিশ্বমানের ডিজিটাল বিনোদনের প্রতিশ্রুতি নিয়ে সোমবার রাত ৮টায় ফেসবুক লাইভে অনুষ্ঠিত হয় ভার্চুয়াল উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে মিডিয়াস্টারের উদ্যোগ চরকিকে বিশ্বের সামনে বাংলা কনটেন্টের রাজধানী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন চরকির প্রধান পরিচালন কর্মকর্তা, নির্মাতা রেদওয়ান রনি। তিনি বলেন, ‘দেশের স্ট্রিমিংয়ের অগ্রযাত্রার স্বপ্নকে বড় করে দেখার চেষ্টায় চরকি। পৃথিবীতে যত মেধাবী নির্মাতা, শিল্পী, কলাকুশলী আছেন; তাঁরা যা তৈরি করতে চান, যাঁরা আগ্রহ নিয়ে সেসব দেখতে চান, সবার মিলনক্ষেত্র হবে চরকি। বিশ্বের সামনে বাংলা কনটেন্টের রাজধানী হবে চরকি।’ অনুষ্ঠানের সূত্রধর হিসেবে চরকিতে কী কী থাকেছে তা জানিয়ে দেন অভিনেত্রী জয়া আহসান। তিনি জানান, সিনেমা, সিরিজ, শো, তথ্যচিত্রসহ বৈচিত্রে ভরা প্রায় ২০০ কনটেন্ট দেখা যাচ্ছে প্ল্যাটফর্মটিতে। জয়া বলেন, নিজস্ব প্রযোজনায় নির্মিত ওয়েব সিরিজ, ফিল্ম, অ্যান্থলজি ছবি, স্বল্পদৈর্ঘ্যের ট্রেলার ছাড়াও চরকিতে থাকবে বাংলায় ডাব করা ইরানি সিনেমা, বাংলা সাবটাইটেলে তুর্কি সিনেমা। উদ্বোধনী দিনে একযোগে তিনটি কন্টেন্ট মুক্তি দেয় চরকি। এগুলো হলো শিহাব শাহীনের 'মরীচিকা', ভিকি জাহিদের 'লাল কাতান নীল ডাকাত' ও রবিউল আলম রবি'র 'ঊনলৌকিক'। জানানো হয়, বিকাশ, নগদ, রকেটের মতো যেকোনো মোবাইল ওয়ালেট দিয়ে কেনা যাবে চরকির এক ও ছয় মাসের প্যাকেজ।